সৌদি আরবে এবার ৩০ রমজানেও খালি চোখে ঈদের চাঁদ দেখা কঠিন হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা। কারণ ১৯ মার্চ ২০২৬ তারিখে সৌদি আকাশে চাঁদের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) থাকবে মাত্র ০.২ শতাংশ, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এত কম ভিজিবিলিটির কারণে চাঁদ দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপ বা আধুনিক প্রযুক্তির সহায়তা প্রয়োজন হতে পারে।
সৌদি আরব সাধারণত চাঁদ দেখার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও টেলিস্কোপ ব্যবহার করে থাকে। তাই ১৯ মার্চ প্রযুক্তির সাহায্যে ঈদের চাঁদ দেখা সম্ভব হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী যদি ৩০ রমজান পূর্ণ হয়ে যায়, তাহলে ঈদ উদযাপনের জন্য নতুন করে চাঁদ দেখা বাধ্যতামূলক নয়। তবুও ঈদের চাঁদ দেখার বিষয়টি মুসলিম বিশ্বে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।
এ কারণে সৌদি আরবে সাধারণ মানুষ যদি খালি চোখে ঈদের চাঁদ দেখতে চান, তাহলে তাদের ২০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেদিন সন্ধ্যায় আকাশে চাঁদ আরও স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের পরিস্থিতির মূল কারণ হলো—এবার সৌদি আরবে রমজানের নতুন চাঁদ সৃষ্টি হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই তা দেখা গিয়েছিল। এত দ্রুত নতুন চাঁদ দেখা যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল এবং অনেকের কাছে এটি একটি স্মরণীয় ঘটনাও হয়ে উঠেছিল।
