বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। নিউইয়র্কে জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ ফোরামে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের জন্য আগামী দুই মাসের মধ্যেই বিশেষ এই কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ‘প্রবাসী কার্ড’ধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা পাবেন। এছাড়া দেশে অবস্থানকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্জিত সম্পদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা। এ বিষয়ে সরকার ইতোমধ্যে ইতিবাচক উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, সরকার এখন সম্পূর্ণভাবে প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করছে। প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষায় ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দেশে বিনিয়োগ করতে গিয়ে অনেক প্রবাসী প্রতারণার শিকার হন। এই সমস্যা দূর করতে নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া দীর্ঘদিনের আলোচিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে এবং প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘প্রবাসী কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
